দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের পর গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচারকে আর কখনো ফিরে আসতে দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে এ দেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।’
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও সরকারের পক্ষেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল দাবি করে শামা ওবায়েদ বলেন, ‘ওই সময়ে কোনো ধর্মের বা কোনো দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে।’
এলাকার শিক্ষা অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। উন্নত মানের মাদ্রাসাও হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে মানসম্মত শিক্ষা পায়, সে ব্যবস্থাও করা হবে।’
এ সময় দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই হবে তাদের একমাত্র লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার। সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


