ফরিদপুরের সালথায় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং গণতান্ত্রিক চেতনা পুনর্ব্যক্তের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে একটি গণতান্ত্রিক, মানবিক, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে স্বাধীনতা, গণতন্ত্র এবং নাগরিক অধিকারের মূল্যবোধ আরও সুসংহত হয়।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


